মুসা (আঃ) এর বিয়ে সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-৯' এর সম্ভাব্য উত্তর
সম্ভাব্য উত্তর ৯
এই ঘটনার যে বর্ণনা আমরা কুরআনে পাই, সেখানে মেয়ে ও বাবার মাঝে যে দারুণ একটা সম্পর্ক ছিলো সেটা স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, মেয়েগুলোকে বাইরে গিয়ে কী ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সেটার ব্যাপারে তাদের বাবার খুব ভালো ধারণা ছিল। সেজন্য যেদিন মুসা আলাইহিস সালামের সাহায্য পাওয়াতে মেয়েগুলো তাড়াতাড়ি বাসায় ফিরতে পেরেছিলেন, সেটা বাবার চোখ এড়ায় নি। দ্বিতীয়ত, বাবা মেয়ের সম্পর্ক এমন সহজ ছিলো যে ঘটনার আদ্যপান্ত বাবাকে বলতে দ্বিধাবোধ করে নি মেয়েরা। এখানে কোনো অযাচিত সন্দেহ বা অবিশ্বাসের ব্যাপার ছিলো না, যা ঘটেছিল, সেটাই অকপটে বলেছিল। আবার পরবর্তীতে মুসাকে কাজে নিয়োগ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতেও দ্বিধা বোধ করে নি। একজন অচেনা পুরুষ স্বতঃ প্রণোদিত হয়ে সাহায্য করেছে, নিদ্বির্ধায় এই ঘটনা এসে আমাদেরকে শেয়ার করবে, সেই ব্যক্তির ব্যাপারে অভিমত ব্যক্ত করবে এমন সম্পর্ক আমাদের সাথে আমাদের সন্তানদের আছে কী? না থাকলে এই ঘটনা থেকে অনেক শিক্ষনীয় আছে।
আবার পরবর্তীতে মেয়ে বাবাকে পরামর্শও দিয়েছে মুসাকে কাজে নিয়োগ দেয়ার ব্যাপারে। বাবা তার পরামর্শকে মূল্যায়ন করেছেন, কিন্তু নিজের মত করে। মানে সামগ্রিক অবস্থা বিবেচনা করে (মেয়ের অনুচ্চারিত পছন্দ, বাসার পরিবেশ, মেয়েদের নিরাপত্তা) শুধু কাজের প্রস্তাব না বরং বিয়ের প্রস্তাব দিয়েছেন। এভাবে বাবার কর্তৃত্ব, সাথে মেয়ের মতামতের মূল্যায়ন-একটা চমৎকার পারিবারিক পরিবেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
