মুসা (আঃ) এর বিয়ে সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-১৪' এর সম্ভাব্য উত্তর
সম্ভাব্য উত্তর ১৪
এখানে মেয়েটি বাবাকে তার মতামত জানানোর সময় মুসা আলাইহিস সালামের দুইটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করছে-শক্তিশালী ও বিশ্বস্ত। আমরা আগে দেখেছি যে এখানে যে কাজটি করতে হবে (ওখানে গুন্ডা টাইপের লোকদের মধ্যে থেকে পশুগুলোকে খাওয়াতে হবে) সেটার জন্য বলশালী হওয়া বাঞ্ছনীয় যেন উনাকে দেখে মানুষ আর না ঘাটায়। তাহলে এটা হচ্ছে সেই বৈশিষ্ট্য যা কাজের ধরণের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। কাউকে কাজে নিয়োগ দেয়ার সময় দেখতে হবে যে ওই কাজটি করতে পারার যোগ্যতা তার আছে নাকি। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বস্ততা, যেটা যে কোনো কাজের জন্যই দরকার। সেটা ঠিকমত যাচাই করা দরকার। আজকাল দেখা যায় আমরা আবেগের বশবর্তী হয়ে দাঁড়ি টুপি দেখলেই কাউকে নিয়োগ দিয়ে ফেলি, তার যোগ্যতা আছে নাকি চিন্তা না করেই। আবার অনেক যোগ্য কেউ বিশ্বস্ত না হলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এব্যাপারে ব্যালেন্স করার দিক নির্দেশনা আমরা কুরআন থেকে পাই আলহামদুলিল্লাহ।
কুরআন জার্নালিং এর অভ্যাস থাকলে এই সংক্রান্ত চিন্তা লিখতে পারেন। আপনি নিয়োগ দিয়েছেন সেই অভিজ্ঞতা অথবা আপনাকে নিয়োগ দেয়া হয়েছে এই ধরণের অভিজ্ঞতা ও এই আয়াতের সাথে সেগুলো মিলানো একটা সুন্দর এক্সারসাইজ হতে পারে কুরআন নিয়ে চিন্তা ভাবনা করার।
