মুসা (আঃ) এর বিয়ে সম্পর্কিত আয়াত গুলো নিয়ে 'চিন্তার খোরাক-৪' এর সম্ভাব্য উত্তর
সম্ভাব্য উত্তর ৪
আমরা যদি সূক্ষ্মভাবে কুরআনের আয়াতগুলো খেয়াল না করি তাহলে আপাতদৃষ্টিতে মনে হবে যে মুসা আলাইহিস সালাম এই যে প্রতারণার শিকার হলেন, সেটা থেকে কোনো শিক্ষাই নেন নি। কিন্তু আদতে ব্যাপারটা সেটা না। প্রথম ঘটনায় মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলীয়টার সাথে কোনো কথা বার্তা না বলেই তাকে অত্যাচারিত ভেবে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবার কিন্তু উনি সেটা করেন নাই, সরাসরি মেয়েগুলোর কাছে গিয়ে জানতে চেয়েছেন যে বৃত্তান্ত কী যদিও পরিস্থিতি দেখে উনার কাছে মনে হয়েছে যে এখানে মেয়ে গুলোকে মানায় না। জোর যার মুল্লুক তার এমন একটা আধিপত্যবাদী পরিবেশ ওখানে বিরাজমান ছিল। মেয়েগুলোও কিন্তু উনার প্রশ্নের উত্তর দিয়েছে।
এখান থেকে আমরা শিখি যে একবার কারো দ্বারা প্রতারিত হলে পরেরবার আমরা সতর্ক থাকবো। আমাদের জীবনে এটার উদাহরণ হতে পারে টাকা পয়সা বিনিয়োগ করার বেলায়, কারো সাথে অংশীদারী ব্যবসায় যুক্ত হওয়ার সময়, কাউকে ঋণ দেয়ার সময় লিখিত চুক্তি করা বা কাউকে কাজে নিয়োগ দেয়ার সময় তার ছবি, জীবন বৃত্তান্ত এগুলোর কপি রাখা ইত্যাদি।
