মুসা (আঃ) এর বিয়ে সম্পর্কিত আয়াত গুলো নিয়ে ‘চিন্তার খোরাক-২’ এর সম্ভাব্য উত্তর
মুসা আলাইহিস সালাম নতুন জায়গাতে পৌঁছেই গাছের ছায়ায় বসে আশ পাশ পর্যবেক্ষণ করছিলেন। মেয়েগুলোকে দেখেই উনি বুঝতে পারলেন যে এখানে তাদেরকে মানায় না, তাদের সাহায্য প্রয়োজন। এখানে আবারও আমরা মুসা আলাইহিস সালাম কে অনুভব করার চেষ্টা করবো। এত লম্বা একটা জার্নির পর গাছের ছায়ায় বসার পর শরীর একদম ছেড়ে দেয়ার কথা। নিজের ক্লান্ত এবং বিধ্বস্ত অবস্থাতে, সম্পূর্ণ অপরিচিত একটা জায়গায় অনিশ্চয়তা পূর্ণ জীবনের দুশ্চিন্তারত অবস্থাতেও অন্যকে সাহায্য করার জন্য প্রচণ্ড মানসিক শক্তি দরকার।
এখান থেকে একটা অতি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আমরা যদি ভাবি নিজেদের যখন সব কিছু ঠিক ঠাক চলবে, অন্যকে সাহায্য করার পূর্ণ ক্ষমতা থাকবে, কেবল তখনই অন্যকে সাহায্য করবো, তাহলে সেটা একটা ভুল চিন্তা। কারণ দুনিয়ার জীবনের ব্যাপারে আমার পর্যবেক্ষণ হচ্ছে The right time never comes। এটা শুধু অন্যকে সাহায্য করা না, যে কোনো ইবাদতের ব্যাপারেই আমাদের সবার, বিশেষ করে মেয়েদের মাথায় রাখা উচিৎ। আমরা যদি ভাবি যে এখন বাচ্চারা ছোট, এখন কুরআন নিয়ে পড়াশোনা করার/ দাওয়াতী কাজের সুযোগ নেই, বাচ্চারা বড় হলে করবো, তাহলে সময় ফুরিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে কারণ বাচ্চারা বড় হলে আবার জীবনে ভিন্ন মাত্রার চ্যালেঞ্জ আসবে। অবশ্যই আমরা সব কিছু একসাথে করতে গিয়ে নিজের উপর জুলুম করবো না বা লেজে গোবরে করে ফেলবো না সব কিছু, তবে মোটামুটি একটা নিয়মানুবর্তী জীবন যাপন করলে, ছোট ছোট লক্ষ্য স্থির করে নিয়মিত কিছু কাজ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে ফরজ কাজ যেমন কুরআনের উচ্চারণ শুদ্ধ করা, পবিত্রতার ফিকহ জানা…এইসব ব্যাসিক কাজে কখনোই খুব বেশী দেরী করা উচিৎ না।
এই জীবনটাকে আমি কল্পনা করি হচ্ছে সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকার মত। একটার পর একটা ঢেউ আসতে থাকবে। যদি ভাবতে থাকি যে ঢেউ আসা থেমে যাবে এরপরে আমি ভালো কাজ করব তাহলে জীবন শেষ হয়ে যাবে ঢেউ আসা থামার জন্য অপেক্ষা করতে করতে, কিন্তু ঢেউ আসা আর থামবে না……।
ভালো কাজের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গী কিন্তু কুরআনের অন্য আয়াত দ্বারাও সমর্থিত। কুরআনে বলা হয়েছে দারিদ্র্য ও প্রাচুর্যতা এই দুই সময়েই দান করো। প্রশ্ন উঠতে পারে যে দারিদ্র্যের সময় আমি কিভাবে দান করবো? উত্তর হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী ১০, ১৫ বা ৫০ টাকা দান করবো, স্বচ্ছলতার সময় হয়তো হাজার হাজার টাকা করবো। কিন্তু এমন যেন না হয় যে আমার নিজেরই তো এখন নাই আরেকজনকে কী দিব, যদিও এই কথাটা আমি খুব শুনি মানুষের কাছ থেকে।
